বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে এগোচ্ছে। আদালতে যথাযথ সাক্ষ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করা হচ্ছে, যাতে কোনো বিচার প্রশ্নবিদ্ধ না হয়।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে যারা গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, কোনো নির্দিষ্ট রায় প্রত্যাশা না করে ন্যায়বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। এসব প্রমাণ যেকোনো দেশের আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধীদের সাজা হওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে।
বিভিন্ন জেলায় যাবে তদন্ত দল
আইনমন্ত্রী জানান, বিগত ১৬ বছরের গুম-খুন, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের সমন্বয়ে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তদন্ত দল জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক কর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কোথায়, কার ইন্ধনে বা প্রশ্রয়ে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত কর্মকর্তাদের তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
আদালতে আসামি হাজির করা নিয়ে উদ্বেগ
সংসদে খুনের মামলায় অভিযুক্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, আদালত অঙ্গনে একজন আসামিকে নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাঁর নজরে এসেছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট আসামিকে কুখ্যাত অপরাধীর মতো করে নিয়ে গিয়ে ফেরত পাঠানোর বিষয়টি ঘটেছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চয়তা দেন।
আইনমন্ত্রী আরও বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আদালত অঙ্গনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যাও চান তিনি।
সংসদ সদস্য বলেন, জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচার চলছে। গত বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদেরও প্রটোকল দেওয়ার মতো মনে হয়েছে।
তিনি আরও বলেন, একজন খুনের মামলার আসামিকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাঁকে তা পরানো হয়নি। এ ধরনের ঘটনায় তিনি এবং এ বিষয়ে উদ্বিগ্ন অনেক পরিবার মর্মাহত ও আতঙ্কিত হয়েছেন। এ কারণেই তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!