নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসার সুযোগ পেলে নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন। নেতৃত্ব প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ।
১৫ নভেম্বর চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী নেতৃত্বের প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থন বা পরিচয় অপরিহার্য নয়।
নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে চসিক প্রশাসক বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের জন্য বিভিন্ন স্থানে মেলার আয়োজন করতে একাধিক দপ্তরের অনুমতি নিতে হয়। এতে তাঁদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। কার্যকর নগর সরকার প্রতিষ্ঠিত হলে এ ধরনের উদ্যোগে সহজে সহযোগিতা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, তরুণেরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা যায়, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু অর্জনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অংশ নেওয়ার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলা প্রয়োজন।
নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ সংলাপ ও কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অশোক সাহা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!