জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ সেবা চালু হলে বিভিন্ন দপ্তর ও সংস্থা থেকে অনুমোদন ও ছাড়পত্র পেতে বর্তমানে যে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে, তা কমে ৫ থেকে ১০ দিনে নেমে আসবে বলে আশা করছে শিল্প মন্ত্রণালয়।
একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ শিল্পের প্রয়োজনীয় অনুমোদন ও সেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে উদ্যোক্তাদের বিভিন্ন দপ্তরে আলাদাভাবে যোগাযোগ করতে হবে না। কমবে ব্যবসা পরিচালনার সময় ও ব্যয়। পাশাপাশি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত ওয়ান-স্টপ সার্ভিসের নকশা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এ জন্য গঠিত কার্যকরী দল প্ল্যাটফর্মটির কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বাস্তবায়নপদ্ধতিও পর্যালোচনা করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বাসসকে বলেন, ‘জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত। সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে। অংশীজনদের সঙ্গে পরামর্শের কাজ দ্রুত শেষ হওয়ায় চলতি নভেম্বর মাসের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করছি।’
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের (বিএসআরবি) সূত্র জানায়, ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রস্তাবিত ডিজিটাল প্ল্যাটফর্মের নকশা, কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। অংশীজনদের কাছ থেকে মতামতও নেওয়া হয়।
এর আগে গত ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় পরিবেশমন্ত্রী বলেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিদর্শন এবং ছাড়পত্র পেতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। হংকং কনভেনশন অনুসরণের পরও ১০০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এত দিন অপেক্ষা করা যুক্তিসংগত নয়। কারণ, জাহাজ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর থেকেই প্রতিদিন ব্যাংকের সুদ পরিশোধ করতে হয়।
অনুমোদন প্রক্রিয়ায় বিলম্বের কারণে ব্যবসায়ীদের ব্যয় বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে বলে উল্লেখ করেন তিনি। জাহাজ পরিদর্শনের প্রয়োজন হলে সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ায় সময় কমিয়ে আনার নির্দেশনাও দেন পরিবেশমন্ত্রী।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনুমোদন প্রক্রিয়া সহজ হলে এ শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদ্যমান উদ্যোক্তাদের পরিচালন ব্যয় কমবে। বিশেষ করে জাহাজ আমদানির পর ছাড়পত্রের অপেক্ষায় পড়ে থাকার কারণে যে অতিরিক্ত সুদ ও অন্যান্য ব্যয় হয়, তা কমানো সম্ভব হবে। এতে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। উপকৃত হবে দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহব্যবস্থাও।
একাধিক সংস্থার অনুমোদন নিতে হয়
বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড (বিএসআরবি) এ শিল্পের বিভিন্ন সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড স্থাপনের অনুমতি, ইয়ার্ড পরিচালনার অনুমোদন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি, আমদানি করা জাহাজ পরিদর্শন এবং জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার অনুমতি। এ ছাড়া ডিএএসআর ও কন্ডিশনাল ডিএএসআর-সংক্রান্ত সেবাও দিয়ে থাকে সংস্থাটি।
তবে এসব সেবা পেতে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাণিজ্য দপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার অনুমোদন প্রয়োজন হয়। ফলে পুরো প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, বিষয়টিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। ওয়ান-স্টপ সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা শেষ হয়েছে এবং তাঁদের মতামত নেওয়া হয়েছে। এসব মতামতের ভিত্তিতে বিএসআরবি প্রয়োজনীয় নীতিমালা বা গাইডলাইন তৈরি করছে। গাইডলাইন চূড়ান্ত হলেই এর আলোকে কার্যক্রম শুরু হবে।
আন্তর্জাতিক মান অনুসরণের সুযোগ
আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) প্রণীত হংকং কনভেনশন ২০২৫ সালের ২৬ জুন কার্যকর হয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়ে এ কনভেনশনে বিভিন্ন নির্দেশনা রয়েছে। বাংলাদেশ ২০২৩ সালে কনভেনশনটি অনুসমর্থন করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অনুমোদন প্রক্রিয়া সহজ করা গেলে এ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা আরও বাড়বে।
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প এবং টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ান-স্টপ সার্ভিস চালুর কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!