যুক্তরাষ্ট্র   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, সোমবার ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজ নিলেন ডা. বিটু

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ AM

৮
প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজ নিলেন ডা. বিটু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের গুরুত্বারোপ করেন ডা. বিটু। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করেন চিকিৎসকেরা। পরে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকেরা। এরপর প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!