টানা ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। কিন্তু মাদ্রিদে এক ঘণ্টার মধ্যেই তিন গোল হজম করে বসে তারা। পরে দুই গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় পায়নি স্পেন। ১০ জনের দল নিয়েও লিড ধরে রেখে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এতে ৯৬৮ দিন পর পরাজয়ের স্বাদ পেল স্পেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের জাতীয় দলগুলোর মধ্যে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর এই প্রথম পরাজিত হলো তারা।
এই জয় শুধু স্পেনের অপরাজিত থাকার ধারার অবসানই ঘটায়নি, ইংল্যান্ডের জন্যও এনে দিয়েছে ঐতিহাসিক অর্জন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোনো দলকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর দেশের বাইরে শীর্ষস্থানীয় দলের বিপক্ষে সপ্তম চেষ্টায় প্রথম জয় পেল ইংল্যান্ড।
এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম অ্যাওয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। এর আগে ১৯৬৫ থেকে ১৯৬৭ সালের মধ্যে টানা নয়টি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল দলটি। সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে তারা।
ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত গোলের দেখা পায়নি ইংল্যান্ড। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর পাউ কুবারসির ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। এটি ছিল জাতীয় দলের হয়ে তাঁর ৯৩তম গোল।
টম ফিনির পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা সাতটি অ্যাওয়ে ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন কেইন। ফিনি ১৯৪৬ সালের সেপ্টেম্বর থেকে ১৯৪৮ সালের মে পর্যন্ত এই কীর্তি গড়েছিলেন।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে থমাস টুখেলের দল। ৫৩ মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে গোল করেন এজরি কোনসা। এর চার মিনিট পর আর্সেনালের সতীর্থ বেন হোয়াইট দুর্দান্ত আক্রমণ শেষ করেন শক্তিশালী কোনাকুনি শটে। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-০।
তবে ৬৫ মিনিটে ম্যাচে নাটকীয়তা ফিরে আসে। জ্যারেল কোয়ানসা বলের নিয়ন্ত্রণ হারালে লামিনে ইয়ামালকে ফাউল করেন অ্যান্ডারসন। এ ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। পেনাল্টি থেকে গোল করে স্পেনের হয়ে ব্যবধান কমান মিকেল ওয়ারজাবাল।
গোল পাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ায় স্পেন। ৭৫ মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস গোল করে ব্যবধান আরও কমান। শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন।
তবে ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইংল্যান্ড। গোলরক্ষক ট্রাফোর্ড একের পর এক দুর্দান্ত সেভ ও ব্লক করে দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!