যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ জুলাই ২০২৬, শুক্রবার ১ শ্রাবণ ১৪৩৩

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৫ দফা দাবিতে সারাদেশে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৭:০৬ AM

৫৪৫
ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৫ দফা দাবিতে সারাদেশে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলায় সংগঠনটির জেলা শাখার নেতারা নিজ নিজ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা সময়ের দাবি। একই সঙ্গে সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, শূন্যপদে দ্রুত নিয়োগ, নতুন পদ সৃষ্টি, পেশাগত ও আইনগত স্বীকৃতি নিশ্চিত এবং দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য ও স্বল্প ব্যয়ে মানসম্মত দন্তস্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দক্ষতা ও প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগানো হলে দেশের দন্তস্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে দেশের দন্তস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হলে একদিকে হাজার হাজার শিক্ষিত ডিপ্লোমাধারীর কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পাবে। এতে সরকারি হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও কমবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে এবং এ বিষয়ে সরকারের ইতিবাচক ও মানবিক সিদ্ধান্ত প্রত্যাশা করছে।

১ মন্তব্য


আরমান

প্রান্তিক জনগোষ্ঠীকে দন্ত চিকিৎসা সেবা দিতে হলে ডেন্টাল ডিপ্লোমা ধারীদের সীমিত পরিসরে প্র্যাকটিসের সুযোগ দিতে হবে। কারন প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছাড়া বহু হাতুড়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে যদি ৪ বছর পড়াশুনা করে ডেন্টাল ডিপ্লোমা ধারীরা সীমিত পরিসরে চিকিৎসা দেয়ার সুযোগ না পায় তাহলে ঐসব অপ্রশিক্ষিত চিকিৎসকের হাতে অপচিকিৎসা পেয়ে বিপদগ্রস্থ হবে। তাই বৈষম্য হীন এই বাংলাদেশে আর কোন মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। কারন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন বৈষম্য নয়।তাই তাদের এই যৌক্তিক দাবি মেনে নেয়া হোক।

০৭ জুলাই ২০২৬, ০৭:১০ AM