হাওরাঞ্চলে আগাম বন্যায় বোরো ধানের ফসলহানি কমাতে স্বল্প জীবনকালসম্পন্ন উচ্চফলনশীল জাত ব্রি ধান-১১৮-এর চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বোরো মৌসুমে হাওরাঞ্চলের সাত জেলায় এ জাতের ১ হাজার ৬০০ প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। এসব প্লটের জন্য প্রাথমিকভাবে ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রচলিত জাতের তুলনায় ব্রি ধান-১১৮ সাত থেকে ১০ দিন আগে পরিপক্ব হয়। ফলে আগাম বন্যার ঝুঁকিপূর্ণ সময়ের আগেই ধান কেটে ঘরে তোলার সুযোগ পাবেন কৃষকেরা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত এ জাতটি হাওরাঞ্চলের কৃষির জন্য বিশেষভাবে উপযোগী। প্রতিবছর এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে হাওরের আধাপাকা ও পাকা বোরো ধান তলিয়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিপক্ব হওয়া জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্রির তথ্য অনুযায়ী, ব্রি ধান-১১৮-এর জীবনকাল সাধারণত ১৪৫ থেকে ১৪৮ দিন। তবে শীতের তীব্রতার ওপর নির্ভর করে তা ১৫০ থেকে ১৫৭ দিন পর্যন্ত হতে পারে। জাতটির গড় ফলন হেক্টরপ্রতি ৬ দশমিক ৭৭ টন। উপযুক্ত পরিবেশ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
পরীক্ষায় দেখা গেছে, ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এ জাতের বীজ বপন করা হলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন পাওয়া যায়। অন্যদিকে, ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে বপন করে পরীক্ষামূলকভাবে ১৪৫ দিনে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৯ টন ফলন পাওয়া গেছে।
ঠান্ডা সহনশীল ও ফলন বেশি
ব্রি ধান-১১৮-এর অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীলতা। হাওরাঞ্চলে শীতের তীব্রতা ও তাপমাত্রার ওঠানামার মধ্যেও জাতটি ভালো ফলন দিতে সক্ষম। ফলে আগাম বপনের মাধ্যমে ধান দ্রুত পরিপক্ব করা সম্ভব।
এ জাতের গাছ শক্ত ও মজবুত হওয়ায় ঝড়-বৃষ্টিতে সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও ডিগ পাতা সবুজ থাকে। পাশাপাশি প্রচলিত কিছু জাতের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম হয়।
ব্রির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮-এর তুলনায় প্রায় ২২ দশমিক ৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে। উচ্চ ফলনক্ষমতা, আগাম পরিপক্বতা ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতার কারণে হাওরাঞ্চলে বোরো ধানের উৎপাদন সুরক্ষায় জাতটি কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বাসসকে বলেন, ‘হাওরাঞ্চলের কৃষকদের জন্য ব্রি ধান-১১৮ একটি সম্ভাবনাময় জাত। আগাম বন্যার কারণে প্রতিবছর হাওরের কৃষকদের বোরো ধান নিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। এ ঝুঁকি বিবেচনায় নিয়েই জাতটি উদ্ভাবন করা হয়েছে, যাতে প্রচলিত জাতের তুলনায় ৭ থেকে ১০ দিন আগে ধান কাটা সম্ভব হয়।’
তিনি বলেন, জাতটির প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীলতা, উচ্চ ফলনক্ষমতা ও স্বল্প জীবনকাল হাওরের প্রতিকূল পরিবেশে ধান উৎপাদন সুরক্ষায় সহায়ক হবে। চলতি মৌসুমে সাত জেলার ১ হাজার ৬০০ প্রদর্শনী প্লটের মাধ্যমে জাতটি কৃষক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষকের ফসল সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাসসকে বলেন, হাওরের কৃষকদের দুর্ভোগ দীর্ঘদিন ধরেই সরকারের উদ্বেগের বিষয়। সারা বছর পরিশ্রমের পর ধান ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকের ফসল অনেক সময় আগাম বন্যায় তলিয়ে যায়। কৃষকের এ কষ্ট সরকার উপলব্ধি করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরাঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং আগাম বন্যার ঝুঁকি থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিশেষ অনুশাসন দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কৃষকের ফসল সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রি ধান-১১৮ সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সচিব আরও বলেন, হাওরের কৃষকেরা যেন সারা বছরের পরিশ্রমের ফসল নিরাপদে ঘরে তুলতে পারেন, সে প্রচেষ্টা সরকারের অব্যাহত রয়েছে। কৃষকের উৎপাদিত ফসলের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষিকে লাভজনক ও টেকসই করাই সরকারের লক্ষ্য।
কৃষি বিশেষজ্ঞদের মতে, শুধু উচ্চফলনশীল জাত উদ্ভাবন করলেই হাওরে আগাম বন্যার ক্ষতি পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। স্থানীয় আবহাওয়া ও বন্যার সময় বিবেচনায় সঠিক সময়ে বীজ বপন, মানসম্মত বীজ ব্যবহার এবং যথাসময়ে ধান কাটাও জরুরি। এ ক্ষেত্রে ব্রি ধান-১১৮-এর চাষ সম্প্রসারণ হাওরের কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকদের মধ্যে এ জাতের চাষপদ্ধতি ও উপযোগিতা সম্পর্কে ধারণা বাড়বে। সঠিক সময়ে চাষ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে আগাম বন্যায় ফসলহানির ঝুঁকি কমানোর পাশাপাশি দেশের বোরো উৎপাদন ও খাদ্যনিরাপত্তা সুরক্ষায়ও ভূমিকা রাখবে ব্রি ধান-১১৮।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!