যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ জুলাই ২০২৬, শুক্রবার ১ শ্রাবণ ১৪৩৩

৬৩ বছরেও মেলেনি বিএমডিসির নিবন্ধন, ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের আন্দোলনের ঘোষণা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৭:৩০ AM

৩৪৬
৬৩ বছরেও মেলেনি বিএমডিসির নিবন্ধন, ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের আন্দোলনের ঘোষণা

প্রতিষ্ঠার ৬৩ বছর পেরিয়ে গেলেও ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) সনদধারীরা এখনও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। দীর্ঘদিনের এই বৈষম্য দূর করে বিএমডিসি আইন, ২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
রোববার (৫ জুলাই) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত সরকারি স্বীকৃত ৩ বছর (বর্তমানে ৪ বছর) মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্ন করেও বিএমডিসির নিবন্ধন না থাকায় প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী দেশে-বিদেশে পেশাগতভাবে কাজ করতে পারছেন না। প্রতিবছর সরকারি ২৩টি ও বেসরকারি প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও প্রায় দুই হাজার শিক্ষার্থী এই কোর্স সম্পন্ন করলেও একই সমস্যার মুখোমুখি হচ্ছেন।
সংগঠনের দাবি, বিএমডিসি আইন, ২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলের শর্ত পূরণ করলেও ডেন্টাল ডিপ্লোমাধারীদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ সমযোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ওই আইনের আওতায় নিবন্ধন দেওয়া হচ্ছে। এছাড়া বিএমডিসি আইন, ১৯৮০-এর ১৫(৩) ধারায় প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই পাঁচ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে অনেককে নিবন্ধন দেওয়া হয়েছিল, যা এখনও নবায়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯৮৩ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইন মন্ত্রণালয় এবং বিএমডিসির মধ্যে একাধিকবার চিঠি চালাচালি, সুপারিশ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং আইনগত মতামত দেওয়া হলেও ডেন্টাল টেকনোলজিস্টদের নিবন্ধনের বিষয়টি বাস্তবায়িত হয়নি। এমনকি আইন মন্ত্রণালয়ও সীমিত পরিসরে তাদের প্র্যাকটিস নিবন্ধন দিতে আইনগত কোনো বাধা নেই বলে মতামত দিয়েছিল।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতারা অভিযোগ করেন, ২০২২ সাল থেকে বিএমডিসি আইন সংশোধনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং বিএমডিসির কাছে একাধিক আবেদন ও তাগিদপত্র দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সংগঠনটির পক্ষ থেকে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি আইন, ২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করে নিবন্ধনের ব্যবস্থা গ্রহণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
দাবি আদায়ে বাংলাদেশ ডেন্টাল পরিষদ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে— ৭ জুলাই সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে জাতীয় মহাসমাবেশ ও পথযাত্রা।

১ মন্তব্য


Mazharul haque

অবশ্যই যুক্তিক দাবি মেনে নেওয়া উচিত,,

০৫ জুলাই ২০২৬, ০৯:১৩ AM