মানববন্ধন, জাতীয় প্রেসক্লাবে সামনে
ঢাকা, ১১ জুলাই: সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর শিক্ষার্থী, সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারী এবং সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত কর্মপরিধির আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা উচিত।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে, পাঠ্যক্রম প্রণয়ন করেছে, শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষা নিয়েছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণ দিয়েছে, সনদ প্রদান করেছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিএমডিসির পেশাগত নিবন্ধন ও নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত থাকায় কর্মসংস্থান ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন।
আন্দোলনের অন্যতম সংগঠক মো. শাহাদাত হোসেন বলেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইনের আওতায় নিবন্ধনের সুযোগ পেলেও চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দাবি করেন, এটি সংবিধানের সমতা ও পেশা নির্বাচনের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এ অবস্থায় বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আলোকে তফসিল সংশোধন অথবা ৩৬ ধারার অধীনে নতুন বিধিমালা প্রণয়নের মাধ্যমে তাদের নিবন্ধনের ব্যবস্থা করার আহ্বান জানান।
মানববন্ধনে এমট্যাবের সভাপতি এ কে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব মো. আইনুল হক, হারুনুর রশীদ আওরঙ্গ, খালেদ মোসাল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ এবং পরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!