রাজধানী ঢাকায় আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৩য় ইনটেক এক্সপো-২০২৬’, ‘৩য় ফার্নিটেক এক্সপো-২০২৬’ এবং ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৬’। দেশের ইন্টেরিয়র, ফার্নিচার উৎপাদন ও সাইনেজ প্রযুক্তি খাতের আধুনিকায়ন, উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে এতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান, ৭০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ড এবং প্রায় ২০০টি স্টল অংশ নেবে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে আধুনিক কিচেন সলিউশন, ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার, ফার্নিচার ফিটিংস, হোম অটোমেশন, লাইটিং, উড ও মেটাল প্রযুক্তি, ফার্নিচার তৈরির যন্ত্রপাতি এবং সাইনেজ প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শিত হবে। এতে উৎপাদনকারী, সরবরাহকারী, আমদানিকারক, উদ্যোক্তা, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, প্রকৌশলী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
আগামী ১৯ নভেম্বর সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিনের।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের ফার্নিটেক এক্সপোতে ফার্নিচার ডিজাইন ও সিএনসি প্রযুক্তিতে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করতে তিনটি বিভাগে ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদের যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ২১ নভেম্বর মেলার শেষ দিনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
মাই কিচেনের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ইনটেক এক্সপোতে প্রতিষ্ঠানটি আধুনিক মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, কাউন্টারটপ, কিচেন ফিটিংস ও স্টোরেজ সলিউশন প্রদর্শন করবে। পাশাপাশি উড টেক সলিউশন ও মেটাল টেক সলিউশনের পৃষ্ঠপোষকতায় ফার্নিটেক এক্সপোতে কাঠ ও ধাতু প্রক্রিয়াজাতকরণের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে।
এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, প্রদর্শনীতে ইন্টেরিয়র প্রযুক্তি, উড ও মেটাল মেশিনারিজের পাশাপাশি এ খাতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হবে, যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত ও বিনামূল্যে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!