আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। সংস্থাটির পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
১৬ নভেম্বর বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং বাণিজ্যিক উন্নয়নে গুরুত্ব দিতে চায় আইসিসি।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি অনেক সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে বিশেষ সুযোগ ও দায়িত্ব। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে জয় শাহ বলেন, খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি খেলাটিকে নতুন দর্শকের কাছে পরিচিত করার এবং খেলোয়াড় ও সমর্থকদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার বড় সুযোগ।
তিনি আরও বলেন, সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের বাইরেও আইসিসির দায়িত্ব অনেক বিস্তৃত। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার কথা বিবেচনায় রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
জয় শাহের ভাষায়, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে এক জায়গায় নিয়ে আসার ক্ষমতা। আইসিসি বোর্ড ও সদস্যদের সমর্থনে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং ক্রিকেটের অর্জনগুলো পরবর্তী প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী করে তোলাই হবে তাঁদের লক্ষ্য।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!