আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন, তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।’
তিনি আরও বলেন, ‘দলের সঙ্গে, আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি—এটা আপনাদের মাথায় রাখতে হবে।’
নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, উপস্থিত ব্যক্তিদের অনেকেরই সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রয়েছে। তবে প্রতিটি পদে একজন করেই প্রার্থী হতে পারবেন।
তিনি বলেন, ‘যাকে মনোনয়ন দিলে দলের পক্ষে রায় আনতে পারবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে।’
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!