সৌরবিদ্যুৎ ব্যবহার করে তিন বছরে বিদ্যুৎ বিলের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এসব কেন্দ্রে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার টাকা। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে এ সাশ্রয় সম্ভব হয়েছে।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৌরবিদ্যুতের ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রের বিদ্যুৎ বিল হতো ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর সমন্বয় করে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। এতে সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ সাশ্রয় হয়েছে।
ডাক বিভাগের এই উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর একটি উদাহরণ হয়ে উঠেছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে নিজস্ব সক্ষমতা তৈরি এবং সরকারি ব্যয় কমানোর সুযোগও দেখাচ্ছে এই প্রকল্প।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় নয়, এটি টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, নেট মিটারিংয়ের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব। ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সৌরবিদ্যুৎ সরকারি অর্থ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের জন্যও কার্যকর।
উৎপাদিত বিদ্যুতের ৫৭ শতাংশ গেছে জাতীয় গ্রিডে
ডাক অধিদপ্তরের হিসাবে, ১৪টি কেন্দ্রের সৌর প্যানেল থেকে এ সময়ে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব কাজে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে। বাকি ৫৭ শতাংশ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।
সৌরবিদ্যুতের সুবিধা পাওয়া কেন্দ্রগুলো হলো তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ মেইল প্রসেসিং সেন্টার।
মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। অবকাঠামোর অংশ হিসেবে কেন্দ্রগুলোতে নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল স্থাপন করা হয়।
প্রতিটি কেন্দ্রে গড়ে সাশ্রয় ৯২ হাজার টাকা
ডাক অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এ বিদ্যুতের বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা।
কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে হিসাব সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত বিদ্যুৎ বিল দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। এতে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা।
এই সাশ্রয়ের মধ্যে কেন্দ্রগুলোতে উৎপাদিত বিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা সমন্বয় হয়েছে। হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।
কমেছে কার্বন নিঃসরণও
সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ওপরও ইতিবাচক প্রভাব পড়েছে। কারণ, দেশের জাতীয় গ্রিডের বিদ্যুতের বড় অংশ জীবাশ্ম জ্বালানিনির্ভর।
আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রতি ইউনিট গ্রিড বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এই হিসাব ধরে ১৪টি কেন্দ্রের উৎপাদিত সৌরবিদ্যুতের কারণে আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হয়েছে।
তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যায়। তখন কেন্দ্রগুলোর কার্যক্রম সচল রাখতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টি ও কুয়াশার দিনে গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবে উৎপাদিত বিদ্যুতের বড় অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি আরও বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘ মেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।
ছাড়পত্র ও হিসাব সমন্বয়ে সময় লেগেছে
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে দেশে প্রযুক্তিটি নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনের আগে এসব ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাব সংরক্ষণ এবং জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া নির্ধারণে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।
মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। এখন সেই পথ তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
সরকারি ভবনেও সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর
দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন।
এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ এগোচ্ছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানান।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!