যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, শনিবার ২৯ কার্তিক ১৪৩৩

স্যান্ডপেপারগেট তদন্তে ‘ধামাচাপার গন্ধ’ পাচ্ছেন ওয়ার্নার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ AM

১৩
স্যান্ডপেপারগেট তদন্তে ‘ধামাচাপার গন্ধ’ পাচ্ছেন ওয়ার্নার

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা, ক্রিকেটবিশ্বে যা ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ওই ঘটনার তদন্ত পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর অভিযোগ, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে স্বচ্ছতার অভাব ছিল এবং পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক বক্তব্যের পর ওয়ার্নার এ প্রশ্ন তুলেছেন। কামিন্স দাবি করেছেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে তাঁর কোনো ধারণা ছিল না। তবে ওই সময় দলের সহ-অধিনায়ক থাকা ওয়ার্নারের প্রশ্ন, তদন্তকারীরা দলের সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছিলেন কি না।

সম্প্রতি নিজের আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ ২০১৮ সালের ঘটনা নিয়ে বেশ কিছু দাবি করেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো অস্ট্রেলীয় দল জানত। খাজার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নারও।

কামিন্সের বক্তব্যে নতুন বিতর্ক

শুক্রবার এক ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ প্রত্যাখ্যান করেন কামিন্স। তিনি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে অভিহিত করেন। এমনকি খাজার বক্তব্য মানহানিকর হতে পারে বলেও মন্তব্য করেন এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

এর পাল্টা জবাবে একই দিন বিকেলে ওয়ার্নার বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার মূল তদন্তে ত্রুটি ছিল। তাঁর মতে, বর্তমান অধিনায়ক কামিন্স খাজাকে বলির পাঁঠা বানিয়েছেন।

এক দিন পর লিখিত বিবৃতিতে তদন্তের প্রক্রিয়া নিয়ে আরও প্রশ্ন তোলেন ওয়ার্নার। তাঁর দাবি, তদন্তকারীরা দলের কয়েকজন গুরুত্বপূর্ণ বোলারের সাক্ষাৎকার নিয়েছিলেন কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।

ওয়ার্নার বলেন, ‘আমি যতটুকু জানি, সিএ তাদের ২০১৮ সালের তদন্তে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লিয়নের সাক্ষাৎকার নেয়নি। সেটা যদি সঠিক হয়, তাহলে সিএ কীভাবে প্রতিষ্ঠিত করতে পারে যে বোলাররা আগে থেকে কিছুই জানত না?’

তদন্তের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল—এমন সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে, তারা শুরু থেকেই ঠিক করেছিল কাদের দোষ দিতে যাচ্ছে। তারা স্বার্থসিদ্ধির জন্য একটি তদন্ত চালিয়েছিল এবং এখনো সেই বয়ান বজায় রাখছে যে বোলারদের কোনো ধারণা ছিল না। এটা ধামাচাপা দেওয়ার গন্ধ ছড়াচ্ছে।’

সিএর বক্তব্য

ওয়ার্নারের অভিযোগের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মূল তদন্তের সময় সব খেলোয়াড়কে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী আট বছরেও নতুন কোনো তথ্য বা প্রমাণ থাকলে তা জানানোর সুযোগ ছিল।

সিএর বক্তব্য, ‘আগে আমরা যেমনটা বলেছি, মূল তদন্তের সময় সব খেলোয়াড়কে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী আট বছরেও তারা নতুন প্রমাণ নিয়ে আসার সুযোগ পেয়েছেন। প্রত্যেক খেলোয়াড় ও সাবেক খেলোয়াড়ের ওই ঘটনা নিয়ে নিজেদের বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা সম্মান করেছি।’

খাজা তাঁর বইয়ে দাবি করেছেন, বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের আলোচনা চলার সময় তিনি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই ছিলেন। কিন্তু তদন্তের জন্য তাঁকে ডাকা হয়নি। অন্যদিকে কামিন্স শুক্রবার জানান, তিনি তদন্তকারীদের সঙ্গে কথা বলেছিলেন এবং তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও তথ্য জানানোর সুযোগ দেওয়া হয়েছিল।

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেটে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। সেই ঘটনার তদন্ত ও দায় নির্ধারণ নিয়ে আট বছর পর আবারও নতুন করে প্রশ্ন উঠেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!