জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো এবং উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।
তিনি বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
২০৩৫ সালের মধ্যে নিঃসরণ কমানোর লক্ষ্য
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান পরিবেশমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় জনগোষ্ঠীনির্ভর অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উন্নত দেশগুলোর অর্থায়ন বাড়ানোর দাবি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।
একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়ানোরও দাবি জানান।
মন্ত্রী বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। মাঠপর্যায়ে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীনির্ভর উদ্যোগ সম্প্রসারণ জরুরি।
বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নে বেলেম অভিযোজন সূচক ও বেলেম-আদ্দিস ভিশন কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রয়োজন।
ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে অর্থ বাড়ানোর আহ্বান
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজের অর্থ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমান বাস্তবতা। এ তহবিলে জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় বরাদ্দ করা অর্থ অপর্যাপ্ত। তাই উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করা প্রয়োজন।
অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক-বহির্ভূত ক্ষতি মোকাবিলায়ও কার্যকর সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ন্যায্য জ্বালানি রূপান্তরের ওপর গুরুত্ব
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে প্রশমন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের পরও প্রশমন কর্মসূচি অব্যাহত রেখে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর রাখার পক্ষে। তবে এ জন্য উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দিতে হবে।
জলবায়ুবান্ধব অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করেই ন্যায়সংগত রূপান্তর বাস্তবায়ন করতে হবে।
কপ৩১ আলোচনায় সমঝোতার চেষ্টা
কপ৩১ সম্মেলনের চলমান আলোচনা প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, সম্মেলনের প্রথম চার দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগিয়েছে। তবে বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে উচ্চাভিলাষী, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল শক্তিশালী করা, প্রশমন কর্মসূচি অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!