যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, শনিবার ২৯ কার্তিক ১৪৩৩

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ AM

১২
নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়

বিয়ের পর নতুন জীবনে একসঙ্গে পথচলা শুরু করেন দুজন মানুষ। প্রথম দিকে ভালোবাসা, রোমান্স আর নতুন অভিজ্ঞতার আনন্দ থাকলেও একই ছাদের নিচে থাকতে গিয়ে ধীরে ধীরে সামনে আসে নানা অভ্যাসের পার্থক্য। কারও টুথপেস্টের টিউব মাঝখান থেকে চাপ দেওয়ার অভ্যাস, কেউ আবার ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখেন। এমন ছোটখাটো বিষয় নিয়েই কখনো কখনো নবদম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, এসব মতবিরোধ মানেই সম্পর্কে বড় কোনো সমস্যা রয়েছে, তা নয়। বরং নতুন পরিবেশে একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ারই অংশ এগুলো। পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে এসব সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।

বাসনপত্র ধোয়া নিয়ে মতবিরোধ

নবদম্পতিদের মধ্যে ঘরের কাজ ভাগাভাগি নিয়ে মতবিরোধ বেশ সাধারণ। রাতের খাবারের পরপরই বাসন ধুয়ে ফেলতে চান একজন, অন্যজন আবার সেগুলো সকাল পর্যন্ত রেখে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এভাবে সিঙ্কে পড়ে থাকা একটি প্লেটও কখনো বড় বিতর্কের কারণ হয়ে উঠতে পারে।

বিয়ের শুরুর দিকে ঘরের কাজের দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করা না থাকায় দুজনের প্রত্যাশার মধ্যে পার্থক্য তৈরি হয়। তাই মনে মনে অভিযোগ জমিয়ে না রেখে কে কোন কাজ করবেন, তা আলোচনা করে ঠিক করে নেওয়া ভালো।

রাতের খাবারে কী থাকবে

‘কী খাবে?’—এমন সাধারণ প্রশ্ন থেকেও শুরু হতে পারে দীর্ঘ আলোচনা। একজন পছন্দ করেন ঝাল খাবার, অন্যজনের পছন্দ হালকা খাবার। কেউ বাইরে থেকে খাবার আনতে চান, আবার কেউ ঘরে রান্না করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এর সঙ্গে কে রান্না করবেন, কে বাজার করবেন কিংবা সপ্তাহের খাবারের তালিকা কে ঠিক করবেন—এসব বিষয়ও যুক্ত হয়। ফলে প্রতিদিনের খাবার নির্বাচন নিয়ে তৈরি হতে পারে বিরক্তি। দুজনের পছন্দকে গুরুত্ব দিয়ে আগেভাগে খাবারের পরিকল্পনা করলে এ ধরনের সমস্যা অনেকটাই কমে।

ঘুমানোর সময় ও অভ্যাস

একই বিছানায় ঘুমানোর অভ্যাস গড়ে তুলতেও সময় লাগতে পারে। একজন হয়তো অন্ধকার ও ঠান্ডা ঘরে ঘুমাতে পছন্দ করেন, অন্যজনের আবার মৃদু আলো কিংবা ফ্যান চালু রাখা প্রয়োজন। কেউ ঘুমানোর আগে ফোন ব্যবহার করেন, অন্যজনের কাছে ফোনের আলোই বিরক্তিকর।

এর সঙ্গে নাক ডাকা, কম্বল টানাটানি কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে সমস্যা আরও বাড়তে পারে। এ ক্ষেত্রে আলাদা কম্বল ব্যবহার, আই মাস্ক পরা কিংবা ঘুমানোর আগে ফোন ব্যবহারের সময় নির্ধারণের মতো ছোট উদ্যোগ কাজে আসতে পারে।

ঘরের তাপমাত্রা নিয়ে ‘শীতল যুদ্ধ’

একজনের কাছে যে তাপমাত্রা আরামদায়ক, অন্যজনের কাছে সেটিই অসহনীয় হতে পারে। বিশেষ করে এসির তাপমাত্রা কত রাখা হবে, তা নিয়ে দম্পতিদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা যায়।

একজন এসির তাপমাত্রা কমিয়ে দিলে অন্যজন আবার বাড়িয়ে দেন। এভাবে রিমোট কন্ট্রোল হয়ে ওঠে ঘরের অন্যতম আলোচিত বস্তু। দুজনের জন্য সহনীয় একটি তাপমাত্রা নির্ধারণ করা এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পোশাক বা কম্বল ব্যবহার করা এ সমস্যা সমাধানে সহায়ক হতে পারে।

অগোছালো অভ্যাস ও জিনিসপত্রের জায়গা

পরিচ্ছন্নতা ও ঘর গোছানোর বিষয়ে সবার ধারণা এক নয়। কেউ ব্যবহারের পরপরই জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করেন, অন্যজন হয়তো বিছানায় ভেজা তোয়ালে বা চেয়ারে কাপড় ফেলে রাখেন। জুতা কোথায় রাখা হবে কিংবা আলমারি কীভাবে সাজানো হবে, তা নিয়েও বিরক্তি তৈরি হতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে সঙ্গীকে নিজের মতো করে বদলানোর চেষ্টা না করে ঘরের কিছু সাধারণ নিয়ম ঠিক করে নেওয়া ভালো। যেমন—জুতা রাখার নির্দিষ্ট জায়গা, ব্যবহৃত কাপড়ের জন্য লন্ড্রি বাস্কেট কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার ব্যবস্থা।

ফোন, টিভি ও রিমোট নিয়ে বিরোধ

একসঙ্গে সময় কাটানোর মুহূর্তেও কেউ যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, তাহলে অন্যজনের কাছে তা অবহেলা মনে হতে পারে। খাবার টেবিলে ফোন ব্যবহার, মেসেজের উত্তর দিতে দেরি কিংবা টেলিভিশনে কী দেখা হবে—এসব নিয়েও নবদম্পতিদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

অনেক সময় রিমোট নিয়ে টানাটানির পেছনে থাকে সঙ্গীর মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা। তাই প্রতিদিন অন্তত আধা ঘণ্টা ফোন ও অন্যান্য স্ক্রিন থেকে দূরে থেকে একসঙ্গে সময় কাটানো সম্পর্কের আন্তরিকতা বাড়াতে পারে।

সমঝোতাই সুন্দর দাম্পত্যের ভিত্তি

বিয়ের পর দুজন মানুষকে একে অপরের অভ্যাস, পছন্দ ও অপছন্দের সঙ্গে পরিচিত হতে হয়। এ সময় ছোটখাটো মতবিরোধ হওয়া অস্বাভাবিক নয়। তবে এসব বিষয় নিয়ে অভিযোগ জমিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা জরুরি। একে অপরের প্রতি শ্রদ্ধা, ধৈর্য ও ছাড় দেওয়ার মানসিকতা থাকলে দৈনন্দিন জীবনের ছোটখাটো বিরোধও সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ হয়ে উঠতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!