বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে ৭ নভেম্বর একটি আলোচিত দিন। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর সাধারণ সদস্যদের অভ্যুত্থান এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার রাজপথে সৃষ্টি হয়েছিল এক ভিন্নধর্মী পরিস্থিতি।
সামরিক ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেওয়া, সিপাহিদের সঙ্গে জনতার কোলাকুলি এবং বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তি—সব মিলিয়ে দিনটি ইতিহাসে পরিচিতি পায় ‘সিপাহি-জনতার বিপ্লব’ নামে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা তৈরি হয়। একের পর এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রেও দেখা দেয় অনিশ্চয়তা। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। এমন পরিস্থিতিতে ৬ নভেম্বর মধ্যরাতের পর সেনানিবাসে নতুন করে অভ্যুত্থান শুরু হয়।
৭ নভেম্বরের ভোরে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। সেনানিবাস থেকে সিপাহিরা বেরিয়ে এলে রাজধানীর বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সৈনিক ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় সংহতি ও উচ্ছ্বাসের পরিবেশ। অনেকেই রাজপথে নেমে সিপাহিদের সঙ্গে কোলাকুলি করেন। বিভিন্ন স্থানে শোনা যায় ‘সিপাহি-জনতা ভাই ভাই’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগান।
ট্যাঙ্কের নলে ফুলের মালা
৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি ছিল সামরিক ট্যাঙ্কের নলে সাধারণ মানুষের ফুলের মালা পরিয়ে দেওয়া। যুদ্ধ ও সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত ট্যাঙ্ককে সেদিন রাজপথে ঘিরে ধরেছিলেন সাধারণ মানুষ। কেউ ট্যাঙ্কের ওপর উঠে বসেন, কেউ সৈনিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ট্যাঙ্কের নলে ফুলের মালা পরানোর দৃশ্যটি জনতা ও সৈনিকদের মধ্যকার সংহতির প্রতীক হয়ে ওঠে।
সেদিনের ঘটনাপ্রবাহে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। সিপাহিরা তাঁকে মুক্ত করে সেনানিবাসের বাইরে নিয়ে আসেন। তাঁর মুক্তির খবর ছড়িয়ে পড়লে সমবেত সৈনিক ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। জনতার উদ্দেশে তাঁর হাত নাড়ার দৃশ্যও দিনটির আলোচিত স্মৃতিগুলোর একটি।
ক্ষমতার পালাবদলে নতুন অধ্যায়
৭ নভেম্বরের অভ্যুত্থানের ফলে ৩ নভেম্বরের পাল্টা অভ্যুত্থানের অবসান ঘটে এবং খালেদ মোশাররফের নেতৃত্বাধীন গোষ্ঠীর ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা ব্যর্থ হয়। জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে সামরিক ও রাজনৈতিক ক্ষমতার নতুন সমীকরণ তৈরি হয়।
সামরিক ছাউনিতে শুরু হওয়া বিদ্রোহ কীভাবে সাধারণ মানুষের অংশগ্রহণে রাজপথে ছড়িয়ে পড়েছিল, তা ছিল এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সিপাহিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ঘটনাটিকে শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ অভ্যুত্থানের মধ্যে সীমাবদ্ধ রাখেনি।
বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর নিয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের ব্যাখ্যা ভিন্ন। কারও কাছে দিনটি জাতীয় সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, আবার ইতিহাসবিদদের কাছে এটি ১৯৭৫ সালের ধারাবাহিক সামরিক অভ্যুত্থান ও ক্ষমতার পালাবদলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তবে ট্যাঙ্কের নলে ফুলের মালা পরানোর দৃশ্য, সিপাহি ও সাধারণ মানুষের কোলাকুলি এবং জিয়াউর রহমানের মুক্তির ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরকে একটি স্মরণীয় ও আলোচিত দিনে পরিণত করেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!