গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এ জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে চারটি ছোট আকারের স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণের জন্য নিজস্ব সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। ফলে উপকূল থেকে অনেক দূরে কোনো নৌযান বিপদে পড়লে দ্রুত সেটির অবস্থান শনাক্ত করা এবং উদ্ধারকারী সংস্থাগুলোর অভিযান পরিচালনা সহজ হবে। পাশাপাশি অবৈধ মাছ ধরা প্রতিরোধ, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কাজে আসবে।
বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। বিপুল মৎস্যসম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই জলসীমার নিয়মিত নজরদারি এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট স্থাপনের পাশাপাশি দুটি গ্রাউন্ড স্টেশন এবং স্থানীয় সার্ভার অবকাঠামো তৈরি করা হবে। এতে নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।
বর্তমানে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবায় ব্যবহৃত হচ্ছে। প্রস্তাবিত নতুন স্যাটেলাইটগুলো হবে সামুদ্রিক নৌযানের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য।
৩০ মিনিট পরপর জানা যাবে নৌযানের অবস্থান
পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও সেই এলাকার তথ্য সংগ্রহ করা যাবে।
এর মাধ্যমে সমুদ্রে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার কার্যক্রম বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে নৌযান বিপদে পড়লে দ্রুত সেটির অবস্থান শনাক্ত করা যাবে। বর্তমানে উপকূল থেকে অনেক দূরে গেলে অনেক নৌযান মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনার পর নিখোঁজ নৌযান খুঁজে পেতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত প্রয়োজনীয় তথ্য পাবে। এতে উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বছরে সাশ্রয় হতে পারে ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি
নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিত যাত্রাপথ নির্ধারণের সুযোগ তৈরি হবে এই প্রযুক্তির মাধ্যমে। এতে অপ্রয়োজনীয় চলাচল কমার পাশাপাশি জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে।
বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
মৎস্যসম্পদ ব্যবস্থাপনাতেও কাজে লাগবে তথ্য
স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রমের দীর্ঘমেয়াদি তথ্যভান্ডার তৈরি করা যাবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণ করে মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।
এ ছাড়া কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণ হচ্ছে কি না, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি কেমন এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমে কী পরিবর্তন আসছে, তা পর্যবেক্ষণ করা যাবে। এসব তথ্য সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে।
তবে এআইএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা যাবে না। এই প্রযুক্তির মূল কাজ নৌযানের পরিচয়, অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা।
সমুদ্রের কোন এলাকায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এ ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।
অর্থাৎ, এআইএস প্রযুক্তি জানাবে নৌযান কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক অন্যান্য প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব তথ্য সমন্বিতভাবে ব্যবহার করা গেলে বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যনির্ভর মৎস্য ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।
নিজস্ব প্রযুক্তি অবকাঠামো গড়তে চায় বিএসসিএল
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।
মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্য রয়েছে। এটি শুধু প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তাঁর মতে, নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে টেকসই মৎস্য ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!