যুক্তরাষ্ট্র   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, শনিবার ২৯ কার্তিক ১৪৩৩

আধুনিক অর্থনৈতিক হাব হতে চায় মোংলা বন্দর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ AM

১২
আধুনিক অর্থনৈতিক হাব হতে চায় মোংলা বন্দর

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে আধুনিক ও সক্ষম বাণিজ্যিক বন্দরে রূপ দিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন জেটি নির্মাণ, পশুর চ্যানেল খনন, কনটেইনার ইয়ার্ড সম্প্রসারণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বন্দরটির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বন্দরটির সক্ষমতা বাড়লে শুধু পণ্য পরিবহন ও খালাসের কার্যক্রমই বাড়বে না, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হবে।

৪ হাজার কোটি টাকায় দুটি নতুন জেটি

সরকার গঠনের পর মোংলা বন্দরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর তিনি বন্দরটি পরিদর্শন করেন। সর্বশেষ ৫ নভেম্বর প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুটি নতুন জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা চীন সরকারের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তা থেকে আসবে। বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হবে।

বড় জাহাজ ভেড়াতে চলছে ড্রেজিং

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে পশুর চ্যানেলের নাব্যতা অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে চ্যানেলটির ড্রেজিং চলছে। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ড্রেজিং সম্পন্ন হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজ সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারবে। এতে বহির্নোঙরে পণ্য খালাসের প্রয়োজন কমবে এবং সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বন্দরের কার্যক্রমের দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে দুটি শক্তিশালী টাগবোট সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বয় লেয়িং ভেসেল, সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, মাদার ভেসেল ও হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলছে।

এদিকে ভারতীয় ঋণ সহায়তায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ করা হয়েছে। সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বর্জ্য অপসারণ প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে।

সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাসসকে বলেন, ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণের পাশাপাশি প্রায় ২ লাখ ২৭ হাজার বর্গমিটার আয়তনের কনটেইনার ইয়ার্ড ও কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণ করা হবে। এসব অবকাঠামো চালু হলে বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়বে।

তিনি আরও জানান, ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পণ্য পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর দুই দফা মোংলা বন্দর পরিদর্শন থেকেই বোঝা যায়, বন্দরটির উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। একই সঙ্গে দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

নাব্যতা সংকট ও জাহাজস্বল্পতা বড় চ্যালেঞ্জ

উন্নয়ন পরিকল্পনা নিয়ে আশাবাদ থাকলেও বন্দরের ব্যবহারকারীরা দীর্ঘদিনের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। বিশেষ করে পশুর চ্যানেলের নাব্যতা সংকট, কনটেইনার ও গ্যাসবাহী জাহাজের আগমন কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে তাঁরা বড় সমস্যা হিসেবে দেখছেন।

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম গত ৬ নভেম্বর মোংলা বন্দর কর্মচারী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সরকার মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এতে খুলনা অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বাসসকে বলেন, অতীতে বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে না পারায় বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করতে হতো। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সমস্যা দেখা দিলে কেবল তখনই সমাধানের উদ্যোগ নেওয়া হতো। নদীবন্দর ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর মতো পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, নাব্যতা সংকট, কনটেইনার জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং গ্যাসবাহী জাহাজের আগমন হ্রাস—এই তিনটি কারণে বন্দরে জাহাজ চলাচল কমেছে।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে আগের তুলনায় বর্তমানে অর্ধেক কনটেইনার জাহাজও আসছে না। এতে মোংলা থেকে কনটেইনার পরিবহনের খরচ বেড়েছে এবং জাহাজের সময়সূচিতে বিঘ্ন ঘটছে। নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারায় অনেক ক্ষেত্রে বিদেশি ক্রেতারা চালান ফিরিয়ে দিচ্ছেন। এ ঝুঁকি এড়াতে ব্যবসায়ীদের একটি অংশ চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ

মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বাসসকে বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দ্রুত ড্রেজিংয়ের ফলে এ বছর বন্দর কর্তৃপক্ষ ৪০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। তবে নাব্যতা সংকট স্থায়ীভাবে দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি দল গঠন করা প্রয়োজন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মোংলা বন্দরের উন্নয়ন শুধু জেটি বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিয়মিত ড্রেজিং, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ ব্যবস্থাপনা, উন্নত নৌ ও রেল যোগাযোগ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!