যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

৫ আগস্টের পর কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ AM

১৯
৫ আগস্টের পর কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গত দুই বছরে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি।

রোববার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, একসময় গায়েবি মামলার বাদী হতো পুলিশ। তবে গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটি রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলাও করেনি।

তিনি বলেন, কোনো ভুক্তভোগী বা তাঁর পরিবারের সদস্য কারও বিরুদ্ধে মামলা করলে পুলিশ সেটি খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তবে মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। আইন পুলিশকে সেই ক্ষমতা দেয়নি। অপরাধী যে-ই হোক, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জলদস্যুতা ও চোরাচালান রোধে ব্যবস্থা

সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য কমাতে কোস্টগার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানান আইনমন্ত্রী। মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান রোধেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

‘জুলাই সনদ বাস্তবায়নে কোনো ইফ-বাট নেই’

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার অবশ্যই জুলাই সনদ অনুসারেই তা বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে কোনো ‘ইফ’ ও ‘বাট’ নেই। এটি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে এবং সরকার সেই পথেই এগোচ্ছে।

বিরোধী দলও এই প্রক্রিয়ায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিচার বিভাগকে আরও গতিশীল করতে দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলাজট কমানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!