আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান তাঁর ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে লেখনীর মাধ্যমে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশত্যাগ করেননি। তিনি বাংলাদেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন।
‘আমি লিখি লেখক হওয়ার জন্য নয়’
অনুষ্ঠানে নিজের বই নিয়ে কথা বলেন লেখক ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমি লিখি লেখক হওয়ার জন্য নয়। মাধবীর (কাল্পনিক নাম) কাছে আমি লিখি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালো লাগা, উপেক্ষার দহন ও অবহেলা—এসব কিছু যখন আমাকে পোড়ায়, তখন আমি লিখি।’
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন রাজনীতিবিদ হয়েও এই বই পাঠকসমাজে যে সাড়া তৈরি করেছে, সাম্প্রতিক সময়ে কোনো লেখকের বই এতটা সাড়া ফেলতে পারেনি।
অনুষ্ঠানে আরও যারা ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও শিরীন সুলতানা।
এ ছাড়া অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন উপস্থিত ছিলেন।
আলোচক হিসেবে বক্তব্য দেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি পুঁথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!