যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ AM

৫০
নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বৃহস্পতিবার এ তথ্য জানান।

অর্থঋণ আদালতের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত রায়ে হাইকোর্ট বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত যে আদেশ দিয়েছিলেন, তা আইনগত কর্তৃত্ববহির্ভূত।

এ ছাড়া স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ অভিব্যক্তির অন্তর্ভুক্ত করার যে অংশ রয়েছে, সেটিও আইনগত কার্যকারিতাহীন বলে ঘোষণা করেছেন আদালত।

নতুন করে করদায় সৃষ্টি করা যাবে না

রিটকারীদের আইনজীবীরা জানান, এ রায়ের ফলে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না।

তাঁরা আরও বলেন, সংসদ কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে আইন দ্বারা ভ্যাট থেকে অব্যাহতি দিলে অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে ওই সম্পত্তির ওপর নতুন করে করদায় সৃষ্টি করা যায় না।

আদালতে নিলামে সম্পত্তি ক্রেতাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!