যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ AM

১৩
১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগালের একাদশ—এ দৃশ্য খুব একটা পরিচিত নয়। উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও পরের ম্যাচে নরওয়ের বিপক্ষে পুরো সময় বেঞ্চেই বসে থাকতে হয়েছে পর্তুগিজ তারকাকে।

নরওয়ের বিপক্ষে গতকাল ২–১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। দলের জয়ে গোল করেছেন গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স। অথচ পুরো ম্যাচে মাঠে দেখা যায়নি রোনালদোকে। তাঁকে বেঞ্চে রেখেই ম্যাচ শেষ করেন কোচ জর্জ জেসুস।

এর আগে ওয়েলসের বিপক্ষে ১–০ গোলের জয়ের ম্যাচেও রোনালদোর পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছিল। তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে গোলমুখের সামনে সহজ একটি সুযোগ পেয়েও বল পোস্টের ওপর দিয়ে মেরে দেন তিনি। ম্যাচ শেষ হওয়ার ২৫ মিনিট আগে তাঁকে তুলে নেওয়া হয়।

রোনালদোকে তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে জেসুস বলেছিলেন, ম্যাচের পরিস্থিতি তখন এমনটাই দাবি করছিল। তাঁর প্রয়োজন ছিল এমন একজন শক্তিশালী খেলোয়াড়, যিনি প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারবেন। সেই দায়িত্ব পালন করেন গনসালো রামোস।

নরওয়ের বিপক্ষে রামোসকেই শুরুর একাদশে রাখেন জেসুস। গোলও করেন এই ফরোয়ার্ড। ফলে রোনালদোকে মাঠে নামানোর প্রয়োজন মনে করেননি পর্তুগালের কোচ।

ম্যাচ শেষে জেসুস বলেন, রোনালদোকে শেষ আধা ঘণ্টার জন্য মাঠে নামানোর বিষয়ে তাঁর সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতি সে সুযোগ তৈরি করেনি।

জেসুসের ভাষায়, রামোস ভালো খেলছিলেন, একটি গোল করেছিলেন এবং তাঁর আরও একটি গোল বাতিল হয়েছিল। তাই তাঁকে তুলে নেওয়ার সঠিক সময় মনে হয়নি। রোনালদোকে বিশ্রাম দেওয়ার জন্যই যে মাঠে নামানো হয়নি, বিষয়টি এমন নয় বলেও পরিষ্কার করেন তিনি। কোচের মতে, রোনালদো পুরো ম্যাচ খেলার মতোই ফিট ছিলেন।

পর্তুগালের হয়ে রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারে এমন ঘটনা অবশ্য খুবই বিরল। সর্বশেষ ২০০৮ সালের ১৫ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরো গ্রুপ পর্বের ম্যাচে তাঁকে পুরো সময় বেঞ্চে থাকতে হয়েছিল। এরপর গতকাল নরওয়ের বিপক্ষে আবারও কোনো মিনিট মাঠে না নেমে ম্যাচ শেষ করলেন তিনি।

অর্থাৎ, ১৮ বছরের বেশি সময় পর প্রথমবার পর্তুগালের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পুরো সময় বেঞ্চে কাটালেন রোনালদো।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!