যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ AM

১২
লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

আজ সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরও একজন মারা যান।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজনের ধারণা, তাঁরা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!