যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলা বন্ধ ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM

১০
সাংবাদিকদের ওপর হামলা বন্ধ ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (MRU)-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিক হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। আহতরা হলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সমাবেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশের জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশের ওপরও আঘাত।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তদন্তের মাধ্যমে যার যে দায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। কোনো সাংবাদিক হামলার শিকার হলে সংগঠন তার পাশে থাকবে এবং আইনানুগ ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আজকের এই কর্মসূচি শুধু প্রতিবাদের জন্য নয়; সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের সাংগঠনিক অবস্থান স্পষ্ট করারও একটি বার্তা।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা অব্যাহত রাখব।”

সংগঠনের প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সমাবেশে MRU-এর নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এর আগে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর রাত ১১ টায় আয়োজিত তাৎক্ষণিক এক সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছিল। দাবি পূরণ না হলে পুলিশের বিভিন্ন অভিযান বয়কটসহ পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!