যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ AM

১৩
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে। এ সময়ে মূল ঋণের কিস্তি ও সুদ বাবদ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।

গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রথম দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার দিয়েছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

ঋণের অর্থছাড় ২৯ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। এ সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন ঋণের প্রতিশ্রুতি কিছুটা কমেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!