যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের আসরে প্রভা, নজর কাড়লেন সাজেও

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ AM

১৩
বিয়ের আসরে প্রভা, নজর কাড়লেন সাজেও

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত ছবি ও বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

 রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে দেখা গেছে, বিয়ের আসরে বধূর সাজে বসে আছেন তিনি। তাঁর এই সাজ দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ বিয়ের আসরে কেন প্রভা?

ছবিতে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বধূর সাজে দেখা যায় অভিনেত্রীকে। একটি বাড়ির উঠোনে আয়োজন করা হয়েছে বিয়ের আসর। ওপরে রঙিন কাগজের সাজসজ্জা, পাশে কলাগাছ। বিয়ের আনুষঙ্গিক বিভিন্ন জিনিসও রাখা হয়েছে সেখানে। লাল শাড়ি পরা প্রভার মাথায় ছিল মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা।

তবে এই আয়োজনের কারণ কী, তা সরাসরি জানাননি প্রভা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার ক্যাপশন থেকেই ধারণা করা যায়, অভিনয়ের কোনো চরিত্রের প্রয়োজনে এমন সাজ নিয়েছেন তিনি। তবে এটি কোন সিনেমা বা কনটেন্টের শুটিংয়ের অংশ, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

অন্য সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!