ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটির বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়ে থাকে।
উত্তর প্রদেশের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, রাজ্যের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর উত্তর প্রদেশসহ আশপাশের এলাকায় বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
ভারতের আবহাওয়া বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাত ও অতিবৃষ্টির মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ঘটনার সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে মনে করেন।
সূত্র: এএফপি
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!