যুক্তরাষ্ট্র   শনিবার ২৯ আগস্ট ২০২৬, শনিবার ১৩ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪১ AM

১০
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ-সংক্রান্ত মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

গত ১৭ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ দলের এই সাফল্যের জন্য অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ২৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রস্তাবটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

গেজেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে মন্ত্রিসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মন্ত্রিসভার প্রস্তাবে বলা হয়, ডারউইনের মারারা স্টেডিয়ামে ১৩ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ৯ উইকেটের জয় শুধু একটি ম্যাচের জয় নয়। এটি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত সংহতি ও প্রতিযোগিতামূলক মানসিকতার উজ্জ্বল প্রকাশ।

এই অর্জন দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের গুরুত্বপূর্ণ লিড নেয়। তানজিদ হাসানের শতক এবং দলের সম্মিলিত ব্যাটিং পারফরম্যান্স এই লিড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বোলিংয়েও দারুণ পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ম্যাচে ৯টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান মেহেদী হাসান মিরাজ।

মন্ত্রিসভার প্রস্তাবে বলা হয়, খেলার সব বিভাগেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে—অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও তা স্বীকার করেছেন।

ঐতিহাসিক এই জয়ের ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৬ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিসভা মনে করে, বাংলাদেশ দলের এই সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!