যুক্তরাষ্ট্র   শনিবার ২৯ আগস্ট ২০২৬, শনিবার ১৩ ভাদ্র ১৪৩৩

পিংক বাসে উঠে যে অভিজ্ঞতা হলো পিয়া জান্নাতুলের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৭ AM

১১
পিংক বাসে উঠে যে অভিজ্ঞতা হলো পিয়া জান্নাতুলের

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ কয়েকটি শহরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ বেশ আগ্রহ তৈরি করেছে। এবার এই বাসে চড়েছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। বাসে যাত্রার অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভ্লগ প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে পিয়াকে আকাশি রঙের শাড়ির সঙ্গে কালো কোর্ট পরা অবস্থায় দেখা যায়। বাসে উঠে তিনি ভেতরের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন। যাত্রীদের নিরাপত্তার জন্য থাকা সিসিটিভি ক্যামেরা, নির্ধারিত সময়সূচির চার্ট এবং সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩-এর তথ্যও তুলে ধরেন তিনি।

‘সেলিব্রিটি বাসে’ চড়ার অনুভূতি

পিংক বাসে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে পিয়া বলেন, রাস্তায় বাসটি চলার সময় সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল দেখা যায়। অনেকেই আগ্রহ নিয়ে বাসটির দিকে তাকান।

এই অভিজ্ঞতাকে অনেকটা ‘সেলিব্রিটি বাসে’ চড়ার অনুভূতির সঙ্গে তুলনা করেন পিয়া। তাঁর প্রত্যাশা, নারীদের জন্য নেওয়া এই উদ্যোগ নিয়ে ইতিবাচক আলোচনা হবে এবং এর মাধ্যমে নারীরা আরও এগিয়ে যেতে উৎসাহিত হবেন।

কথা বললেন নারী চালকের সঙ্গে

বাসযাত্রার একপর্যায়ে নারী চালকের সঙ্গে কথা বলেন পিয়া জান্নাতুল। ওই চালক জানান, প্রায় ছয় বছর ধরে তিনি গাড়ি চালানো শিখেছেন। এর মধ্যে আড়াই বছর ধরে বিআরটিসিতে কর্মরত রয়েছেন। গাড়ি চালানোর পেশায় আসার ক্ষেত্রে পরিবার থেকেও পূর্ণ সমর্থন পেয়েছেন বলে জানান তিনি।

পিয়ার এই ভ্লগ প্রকাশের পর তাঁর ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফ্যাশন ও বিনোদন অঙ্গনেও পরিচিত মুখ পিয়া জান্নাতুল।

ঢাকায় ১০ রুটে পিংক বাস

নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে বিআরটিসি ঢাকায় ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে। গত ১৮ আগস্ট তেজগাঁওয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে ঢাকার ১০টি রুটে নিয়মিত চলাচল করছে বাসগুলো।

নারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এসব বাসে ই-টিকিটিং, জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার মতো সুবিধা রাখা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!