জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তাঁরা।
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এরই মধ্যে হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।
দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!