মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে রাজধানীর ভাটারায় মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা-১১ আসনের ভাটারা থানার নয়া বাড়ি এলাকায় “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে উৎপাদন, পাচার, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির ইব্রাহিম আদম, কাউসার আহমেদ ও বাবুসহ দলটির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে মানববন্ধনটি শেষ হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!