ফল স্বাস্থ্যকর খাবারের গুরুত্বপূর্ণ অংশ। এতে থাকে ফাইবার, ভিটামিন, খনিজসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তাই স্বাস্থ্যসচেতন অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল রাখেন। তবে ফল খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে—খাবারের আগে, নাকি পরে?
বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের জন্য ফল খাওয়ার নির্দিষ্ট কোনো ‘সেরা সময়’ নেই। খাবারের আগে, খাবারের সঙ্গে কিংবা পরে—যেকোনো সময় ফল খাওয়া যায়। এতে ফলের ভিটামিন, খনিজ, ফাইবার ও প্রাকৃতিক শর্করা শরীরের গ্রহণ করার ক্ষমতায় বড় কোনো পার্থক্য তৈরি হয় না।
তবে ফলের ফাইবার ও পানির পরিমাণ বেশি হওয়ায় খাবারের আগে বা হালকা নাশতা হিসেবে এটি খেলে অনেকের পেট কিছুটা বেশি সময় ভরা থাকতে পারে। আবার খাবারের পর ফল খাওয়াও ক্ষতিকর নয়।
যাঁদের পেট ফাঁপা, অ্যাসিডিটি বা অন্য কোনো হজমের সমস্যা রয়েছে, তাঁদের খালি পেটে ফল খাওয়ার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। কোন সময়ে ফল খেলে শরীর বেশি স্বস্তি বোধ করে, তা নিজের অভিজ্ঞতা অনুযায়ী ঠিক করা যেতে পারে।
রক্তে শর্করার ওপর সময়ের প্রভাব
২০২৩ সালে Nutrients জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ফল খাওয়ার সময় রক্তে শর্করা ও পেট ভরা থাকার অনুভূতিতে কী ধরনের প্রভাব পড়ে, তা পরীক্ষা করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের সকালের নাশতার ৯০ মিনিট আগে, ৩০ মিনিট আগে, নাশতার সময় এবং ৩০ মিনিট পরে কিউই খেতে দেওয়া হয়। দেখা যায়, সিরিয়ালের কিছু অংশের পরিবর্তে ফল খেলে রক্তে শর্করার সামগ্রিক প্রতিক্রিয়া ২০ থেকে ৩০ শতাংশ কমে যায়।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফল পাওয়া যায় খাবারের ৩০ মিনিট আগে ফল খেলে। শুধু সিরিয়াল খাওয়ার তুলনায় খাবারের আধা ঘণ্টা আগে ফল খেলে রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি প্রায় ৫০ শতাংশ কম ছিল।
গবেষকদের মতে, খাবারের ঠিক আগে ফল খেলে এর ফাইবার ও প্রাকৃতিক অ্যাসিড পরবর্তী খাবার থেকে কার্বোহাইড্রেট হজম ও শোষণের গতি কিছুটা ধীর করতে পারে। তবে ফল ৯০ মিনিট আগে খেলে এই প্রভাব তুলনামূলকভাবে কম দেখা যায়।
আস্ত ফলই ভালো
ফল খাওয়ার ক্ষেত্রে সময়ের চেয়ে নিয়মিত ও পরিমিত পরিমাণে ফল খাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকায় বিভিন্ন মৌসুমি ফল রাখা যেতে পারে। তবে ফলের রসের বদলে আস্ত ফল খাওয়াই ভালো। কারণ আস্ত ফলে ফাইবার বেশি থাকে এবং এটি তুলনামূলকভাবে বেশি সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও সাধারণভাবে ফল পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কোন ফল কতটা খাওয়া হচ্ছে এবং মোট কার্বোহাইড্রেট গ্রহণ কত হচ্ছে, সেদিকে নজর দেওয়া জরুরি।
সব মিলিয়ে, সাধারণভাবে ফল দিনের যেকোনো সময় খাওয়া যায়। তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় নিলে, গবেষণাটির ফল অনুযায়ী প্রধান খাবারের প্রায় ৩০ মিনিট আগে ফল খাওয়া কিছুটা বেশি উপকারী হতে পারে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!