বাংলা বাউল দর্শন, লোকসংগীত ও লোকঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে International Baul and Folk Cultural Festival UK-2026। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিশ্বায়নের প্রেক্ষাপটে বাংলা ভাষা, বাউল দর্শন ও লোকসংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে সুসংগঠিতভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের কাছে এর মানবিক ও দার্শনিক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ উৎসবের মূল লক্ষ্য। উৎসবে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আন্তর্জাতিক সেমিনার, বাউল ও লোকসংগীতবিষয়ক কর্মশালা এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব আয়োজন কমিটির উপদেষ্টা ও বাউলশিল্পী বাউল শফি মন্ডল, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি ও উৎসবের আহ্বায়ক এবং উদীচী ইউকে-এর সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সদস্য অধ্যাপক ড. তারেক রেজা, অধ্যাপক ড. জাহিদুল কবীর, শিল্পী ডলি মন্ডল, লেখক, গবেষক ও কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা জেমি এবং দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা।
বক্তারা বলেন, বাউল দর্শন কেবল একটি সংগীতধারা নয়; এটি মানবতা, সাম্য, সহনশীলতা, প্রেম ও আত্ম-অন্বেষণের এক অনন্য জীবনদর্শন। এই দর্শনের আন্তর্জাতিক প্রসার সাংস্কৃতিক কূটনীতি জোরদার করার পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশের সমৃদ্ধ লোকঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে UK Management College-এ উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে বাউল ও লোকসংগীতবিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৮ জুলাই লন্ডনের Queen Mary University-এ আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা এবং ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, উৎসবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠক এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে বাউল দর্শন, বাংলা ভাষা ও লোকঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক গবেষণা, সাংস্কৃতিক সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, International Baul and Folk Cultural Festival UK-2026 যৌথভাবে আয়োজন করছে UK Management College (UK), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী ইউকে (Udichi UK) এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে বাংলা বাউল দর্শন ও লোকসংস্কৃতি বিশ্বমঞ্চে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের সাংস্কৃতিক সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!