যুক্তরাষ্ট্র   রবিবার ১৫ নভেম্বর ২০২৬, রবিবার ৩০ কার্তিক ১৪৩৩

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ AM

৪
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা যাতে সহজে ও নিরাপদে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সংস্কার করা হচ্ছে।

আজ রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য তাঁদের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। আগে বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে ২০ থেকে ২৫টি জায়গা থেকে অনুমতি নিতে হতো। এসব অনুমতি পেতে বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে কমপক্ষে ছয় মাস সময় লাগত।

এই জটিলতা কমাতে ‘ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট-২০২৬’-এর মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম এক ছাতার নিচে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যিক আদালতের মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা

আইনকে যুগোপযোগী করার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত করার ওপর গুরুত্ব দেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার সময় বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হবে।

তাঁর মতে, বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য শুধু বিনিয়োগের সুযোগ তৈরি করলেই হবে না, তাঁদের আইনি সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার এবং বাংলাদেশে কানাডার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!