যুক্তরাষ্ট্র   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, সোমবার ১ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোর শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠাতে চায় সরকার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ AM

২০
কসোভোর শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠাতে চায় সরকার

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবী ও কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে সরকার। সরকারি উদ্যোগে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মসংস্থান ও শ্রমবাজারে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

গত ১৩ নভেম্বর কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওবায়েদ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে শমা ওবায়েদ ইসলাম বলেন, কসোভোর যেসব খাতে দক্ষ কর্মীর সংকট রয়েছে, সেসব খাতে বাংলাদেশি পেশাজীবীদের কাজের সুযোগ তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে দক্ষ অভিবাসনে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রস্তাব দেন তিনি। কসোভোর মন্ত্রী প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য প্রতিনিধিদলের সফরের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বর্জ্য ব্যবস্থাপনা ও প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাবনা

বৈঠকে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় উভয় দেশের জলবায়ুসংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা, জ্ঞান ও কার্যকর পদ্ধতি বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কসোভোর মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি বন্যা, পানি ব্যবস্থাপনা ও বায়ুর গুণগত মান নিয়ে তাঁর দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি রিসাইক্লিং ও বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা বলেন।

জবাবে শমা ওবায়েদ ইসলাম বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বৈঠকে কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। এ সময় শমা ওবায়েদ ইসলাম তাঁকে দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে শমা কসোভোর মন্ত্রীর হাতে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেন। এ ছাড়া প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন। তিনি কসোভোর মন্ত্রীকে কপ৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণও জানান।

বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!