যুক্তরাষ্ট্র   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, সোমবার ১ অগ্রহায়ণ ১৪৩৩

মুটিয়ে যাওয়া ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়: ডা. এ কে আজাদ খান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ AM

২৪
মুটিয়ে যাওয়া ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়: ডা. এ কে আজাদ খান

মুটিয়ে যাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিসের অন্যতম প্রধান ঝুঁকির কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। তাঁর মতে, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন, বিশেষ করে খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়ায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ডা. এ কে আজাদ খান বলেন, আগে শিশু-কিশোরেরা অবসর সময়ে মাঠে গিয়ে খেলাধুলা করত। এখন তাদের বড় একটি অংশ কম্পিউটার ও মোবাইল ফোনে গেম খেলায় বেশি সময় কাটায়। এতে স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার প্রয়োজনীয় হলেও তা যেন শারীরিক পরিশ্রমের বিকল্প হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়লেও শারীরিক কর্মকাণ্ড সেই অনুপাতে বাড়ছে না। পাশাপাশি খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন। ফলে অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হচ্ছে।

খেলাধুলায় ফিরতে হবে শিশুদের

শিশু-কিশোরদের খেলাধুলার অভ্যাস কমে যাওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে জাতীয় অধ্যাপক বলেন, কম্পিউটার ও মোবাইল ফোনের ব্যবহারকে নেতিবাচকভাবে দেখার প্রয়োজন নেই। তবে প্রযুক্তিনির্ভর বিনোদনের পাশাপাশি শিশুদের মাঠে গিয়ে খেলাধুলা করার সুযোগ ও অভ্যাস তৈরি করতে হবে। শুধু মোবাইল বা কম্পিউটারে গেম খেলে শরীরের প্রয়োজনীয় ব্যায়াম হয় না।

প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম জরুরি

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ডা. এ কে আজাদ খান বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এ ক্ষেত্রে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগের ঝুঁকি কমাতে আগে থেকেই মানুষকে সচেতন করতে হবে।

তিনি বলেন, অতিরিক্ত চিনি, মিষ্টিজাতীয় খাবার, কোমল পানীয় ও বেশি ক্যালরিযুক্ত খাবার গ্রহণের প্রবণতা কমাতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল ও মাছসহ পুষ্টিকর খাবার রাখতে হবে। পাশাপাশি বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী নিয়মিত হাঁটাচলা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।

প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি। দ্রুত হাঁটা, সাইকেল চালানো ও সাঁতার কাটার মতো ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। শিশু-কিশোরদেরও প্রতিদিন পর্যাপ্ত সময় সক্রিয় খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গুরুত্বপূর্ণ

ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার ওপরও গুরুত্ব দেন এই চিকিৎসক। তিনি বলেন, অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলেও সুস্পষ্ট উপসর্গ দেখা যায় না। অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, ক্লান্তি ও ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে কিংবা অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি বেশি, তাঁদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা প্রয়োজন।

ডা. এ কে আজাদ খান জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ। শরীরে ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন যথাযথভাবে কাজ না করার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বংশগত প্রবণতা গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।

তিনি বলেন, ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যথায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘমেয়াদে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ুর ক্ষতির কারণ হতে পারে।

ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় ফিরিয়ে আনা, শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!