যুক্তরাষ্ট্র   রবিবার ১৫ নভেম্বর ২০২৬, রবিবার ৩০ কার্তিক ১৪৩৩

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ AM

৮
পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ঢাকা মহানগরের প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে উপদেষ্টা বা দায়িত্বশীল পদে তাঁদের রাখা হবে। পাশাপাশি যুক্ত করা হবে তরুণ ও স্বেচ্ছাসেবকদের।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন। তাঁরা রাষ্ট্রের অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে চান প্রধানমন্ত্রী।

তিনি জানান, পাড়া-মহল্লার কমিটিগুলোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হবে। দ্রুত এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়কে কেন্দ্র করে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে এসব কমিটিতে সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, রাজউক, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ও ওয়াসার প্রতিনিধিরা রয়েছেন।

গত ২৭ অক্টোবর থেকে কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ১৪ নভেম্বর পর্যন্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান মীর শাহে আলম।

তিনি বলেন, এ সময়ে কমিটিগুলো ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি আবাসিক কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স এবং ১২৮টি সড়ক, পার্ক, ফুটপাত ও জনস্থান পরিদর্শন করেছে। এ ছাড়া বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বস্তিসহ বিভিন্ন স্থানের ১৩৬টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা এবং বৃক্ষরোপণে ভূমিকা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, সরকারি আবাসিক এলাকা ও অন্যান্য স্থানের বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে।

বর্জ্য ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

ঢাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএসের সংকট রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন এসটিএস স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবেশবান্ধব এবং ভূগর্ভস্থ এসটিএস নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায়ও সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকায় এ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকলেও উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে নতুন ব্যবস্থাপনা কেন্দ্র চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) অত্যাধুনিক পদ্ধতিতে মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও জীবাণুমুক্ত করার কাজ করছে। প্রতিষ্ঠানটির এ ব্যবস্থাপনা পরিদর্শন করে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে একই ধরনের ব্যবস্থা বাধ্যতামূলক করা যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সরকারি আবাসিক কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাসিন্দাদের প্রথমে সচেতন ও সতর্ক করা হবে। এরপরও কেউ বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব পালন না করলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

পরিচ্ছন্নতাকর্মীর সংকট মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন যুক্ত হওয়া ইউনিয়নেও নাগরিক সেবা সম্প্রসারণ

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরের সঙ্গে নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব এলাকার নাগরিকদের মূল ঢাকার মতো নাগরিক সেবার আওতায় আনতে কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় গঠিত কমিটিগুলোর কাজ অব্যাহত থাকবে। এক মাস পর প্রধানমন্ত্রী আবারও সভা করে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সিটি করপোরেশনগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!