যুক্তরাষ্ট্র   রবিবার ১৫ নভেম্বর ২০২৬, রবিবার ৩০ কার্তিক ১৪৩৩

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ AM

১০
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতেও কখনো পিছপা হননি।

আজ রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়াও তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই বছরের মার্চে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তবে মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণ ছাড়াই এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

গণতন্ত্র ছাড়া উন্নয়নের বিকল্প নেই

মুক্তিযুদ্ধের লক্ষ্য তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের ইতিহাস ছিল দুঃশাসনের ইতিহাস।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই আন্দোলনে দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গিনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় সামরিক বাহিনীও সহায়ক ভূমিকা পালন করেছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্পিকার

অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরে অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

এ সময় এমসি কলেজে সংঘটিত যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন স্পিকার।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!