যুক্তরাষ্ট্র   রবিবার ১৫ নভেম্বর ২০২৬, রবিবার ৩০ কার্তিক ১৪৩৩

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ AM

৭
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চায় সরকার। এ লক্ষ্যে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

আজ রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ জানান, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকার ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল এই নজরদারির আওতায় এসেছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি

প্রতিমন্ত্রী বলেন, থানা-পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ এলাকা ও জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতে বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

তিনি জানান, সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করা হচ্ছে। এসব মহল্লায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মন্দির ও মার্কেট কমিটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কমিটি গঠন করা হবে।

নিরাপত্তার স্বার্থে সিসিটিভির ফুটেজ ব্যবহারের সুযোগ সীমিত রাখা হবে। কেবল থানা-পুলিশ, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। ভবিষ্যতে সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করতে নজরদারি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

ববি হাজ্জাজ আরও বলেন, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি তৎপরতার কারণে কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকায় দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে অতিরিক্ত টহল গাড়ি ও জনবল বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

তিন এলাকায় নতুন ট্রাফিক সিগন্যাল

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে নতুন ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে।

তিনি বলেন, সিসিটিভির মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি ভিডিও প্রসিকিউশন কার্যক্রমও চলছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কর্মসংস্থানের উদ্যোগ

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, কর্মসংস্থান ও পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়নে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!