আন্তর্জাতিক বিনিয়োগকারীদের স্বার্থ ও বিদেশি বিনিয়োগ সুরক্ষায় সরকার বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক জটিলতা দূর করার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে চায় সরকার।
আজ রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকারের অভিযাত্রা শুরু হয়েছে, সেই সরকারের অন্যতম লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা করা। অতীতে প্রশাসনিক জটিলতা এবং বিদেশি বিনিয়োগকারীদের হতাশ করার মতো যেসব কার্যক্রম প্রচলিত ছিল, সেগুলো থেকে উত্তরণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগ সুরক্ষায় সরকার বিভিন্ন আইনি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এতে দেশে নতুন বিনিয়োগ আসবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার এবং বাংলাদেশে কানাডার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!