যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০৯ AM

৬৯
আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি হাবিবুল গনির কর্মজীবন

বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৫ এপ্রিল তাঁকে একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক জীবনে বিচারপতি হাবিবুল গনি ওয়ার্ল্ড পিস ফোরাম আয়োজিত আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন।

পেশাগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সফরে তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারত ভ্রমণ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!