দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্রুততম সময়ের মধ্যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার জাতীয় সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারের লক্ষ্য, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মানুষের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সমন্বয় করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ
বৈঠকে কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর–সংস্থার কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি।
বৈঠকে মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনাও দেওয়া হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন কমিটির সভাপতি।
শূন্য পদে নিয়োগের উদ্যোগ
মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর–সংস্থার জনবল, পরিচিতি ও কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম. এ. হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা অংশ নেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর–সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!