কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভির (MRV) কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো থেকে ভিসা ও নো ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন। ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং ভিসাসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে সমস্যার মুখোমুখি হতে পারেন।
সমস্যাটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলে জানিয়েছে দূতাবাস। এ অবস্থায় আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, জরুরি ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
লিসবন দূতাবাসের বিজ্ঞপ্তি
লিসবনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল রয়েছে। ফলে ভিসা ও নো ভিসা সেবা প্রদানেও বিঘ্ন ঘটছে।
সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ব্যাংকক ও লিসবন—দুই বাংলাদেশি মিশন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!