যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ AM

৬
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চলের নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। 
 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই সুবিধার আওতায় থাকা পণ্যগুলোতে শূন্য শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) ফেডারেল রেজিস্টারে এ-সংক্রান্ত তালিকা ও নির্দেশনা প্রকাশ করেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিলের ঘোষণায় নির্দিষ্ট পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস ও সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে নতুন নির্দেশনায় কিছু বিশেষায়িত ওষুধকে শুল্কের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা থেকে তৈরি চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল ও নিউক্লিয়ার হুমকি মোকাবিলায় ব্যবহৃত কিছু চিকিৎসা এবং পশুস্বাস্থ্য-সংশ্লিষ্ট ওষুধ।

শুল্কসুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে, সেসব দেশের নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এই শূন্য শুল্ক সুবিধার আওতায় এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যগত প্রয়োজন মেটানো কিছু ওষুধও নির্দিষ্ট শর্তে এই সুবিধা পেতে পারে।

তবে এই ছাড় সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণ এই ১০০ শতাংশ শুল্কের আওতায় পড়ছে না।

অন্যদিকে, নির্দিষ্ট পেটেন্টকৃত ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ব্যবস্থা ২৯ সেপ্টেম্বর থেকে অধিকাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হয়েছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!