রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারের একার পক্ষে দেশকে উন্নত ও কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।
ডেপুটি স্পিকার বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, তবে সরকারের একার পক্ষে কখনোই দেশকে উন্নত বা কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার। একে সঠিক পথে রাখতে হলে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’
পরিচ্ছন্নতার গুরুত্ব
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ কমানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের শতাধিক কর্মী অংশ নেন।
কর্মসূচি শুরুর আগে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান ডেপুটি স্পিকার। পরে স্বেচ্ছাসেবকেরা লাইফ জ্যাকেট, গ্লাভস ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ শুরু করেন।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে কায়সার কামাল বলেন, ইসলাম ধর্মের মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু ইসলাম নয়, প্রত্যেক ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতাকে সামাজিকভাবে স্বীকৃত ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। কিন্তু অসচেতনতার কারণে অনেক সময় মানুষ এ কাজ থেকে বিরত থাকে।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যে খালটি পরিষ্কার করা হচ্ছে, সেটি প্রায় দুই দশক ধরে বেহাল অবস্থায় ছিল। এমন উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান
দেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু এবং বিভিন্ন ধরনের ছোঁয়াচে ও আবর্জনাজনিত রোগ বাড়ছে। এসব রোগে শিশুরাই বেশি ভুক্তভোগী হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমটি মূলত আগামী প্রজন্মের জন্য, যেন আমাদের শিশুরা সুস্থ থাকে এবং ভালোভাবে বাঁচতে পারে।’
বিডি ক্লিনের শপথের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, মানবিক ও কার্যকর রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করার অঙ্গীকার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অতীতকে ভুলে গিয়ে বা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আগামী প্রজন্ম সুখী ও সুন্দর দেশ পাবে।’
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!