ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পার বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকারের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের নাগরিক হলে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের সুযোগ তাঁর রয়েছে। তবে দেশে প্রবেশের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, ‘তিনি যদি আসেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ হাসিনার পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটি তাঁর নিজস্ব বিষয়। সরকারের দায়িত্ব হলো দেশের সীমানায় প্রবেশের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যেই আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা দেখছেন না। তবে প্রয়োজন হলে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!