অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার সমুদ্রতীরে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে তাঁর মাথায় বাঁধা নীল রঙের স্কার্ফ ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমুদ্রপাড়ে কাটানো সময়ের কয়েকটি ছবি পোস্ট করেন কারিনা। ছবিগুলোতে তাঁকে লাল বিকিনি টপের ওপর হালকা নীল ডোরাকাটা শার্ট এবং মাথায় নীল প্রিন্টেড স্কার্ফ পরে দেখা যায়। নো-মেকআপ লুক, গলায় সরু চেইন ও স্বাভাবিক সাজে ধরা দেন তিনি।
ছবির ক্যাপশনে স্কার্ফটির প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।’
ছবিগুলো প্রকাশের পর অনেক ভক্ত কারিনার স্বাভাবিক ও অনাড়ম্বর উপস্থিতির প্রশংসা করেছেন। মন্তব্যের ঘরে কেউ তাঁর ফ্যাশন রুচির প্রশংসা করেছেন, আবার কেউ লিখেছেন, বয়স তাঁর কাছে কেবল একটি সংখ্যা।
তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি সমালোচনাও হয়েছে। কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাঁর নতুন লুক নিয়ে কটাক্ষ করেছেন। যদিও এ ধরনের মন্তব্যের বিষয়ে কারিনা কোনো প্রতিক্রিয়া জানাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত ও ভ্রমণের ছবি নিয়মিত ভাগ করে নেন কারিনা। এবারও তাঁর নতুন লুক অনুরাগীদের পাশাপাশি নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!