বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। ফলে এখন থেকে সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি–টোয়েন্টি—উভয় দলকেই নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার বিসিবি সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেন। ওয়ানডেতে লিটন দাস দায়িত্ব নিচ্ছেন মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হয়ে। সাদা বলের ক্রিকেটে সহ–অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে টেস্ট দলের সহ–অধিনায়কের পদে কোনো পরিবর্তন আনা হয়নি।
মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যা করে তামিম ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে অধিনায়ক হিসেবে মিরাজ ভালো কাজ করেছেন। তবে বোর্ড চায় তিনি নেতৃত্বের অতিরিক্ত চাপ ছাড়াই ব্যাটিং ও বোলিংয়ে পূর্ণ মনোযোগ দিয়ে নিজের সেরা পারফরম্যান্সে ফিরুন।
তামিম জানান, মিরাজের সঙ্গে আলোচনা করেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে মিরাজ আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন।
বিসিবি সভাপতি বলেন, তিন সংস্করণের জন্য তিনজন আলাদা অধিনায়ক না রাখার অন্যতম কারণ খেলোয়াড়দের চোটের বিষয়টি। বিশেষ করে পেসারদের কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতে সাদা বল ও লাল বলের জন্য আলাদা নেতৃত্ব কাঠামোকে কার্যকর মনে করছে বোর্ড।
তিনি বলেন, একাধিক অধিনায়ক থাকলে প্রত্যেকে নিজ নিজ ফরম্যাটে সেরা বোলারদের খেলাতে চান, এতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। দুই ধরনের ক্রিকেটে সমন্বিত নেতৃত্ব থাকলে বোলারদের কাজের চাপ আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তামিম আরও জানান, জিম্বাবুয়ে সফর শেষে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে আগামী ছয় মাসের জন্য জাতীয় দলের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। দলের পারফরম্যান্সের ধারাবাহিক উন্নয়নই সেই পরিকল্পনার মূল লক্ষ্য।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!