যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ১৪ শ্রাবণ ১৪৩৩

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে একমত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ AM

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে একমত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কিছু ‘অস্বস্তিকর বিষয়’ (ইরিট্যান্টস) রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তাই কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। এসব বিষয়ে উভয় পক্ষই অবগত এবং এগুলোর সমাধান হওয়া গুরুত্বপূর্ণ। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

ভারতের আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আরও কয়েকটি আমন্ত্রণ রয়েছে। তাই সব কর্মসূচি একসঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি অনুসন্ধানমূলক সফর। সফরকালে তিনি বাংলাদেশের অগ্রাধিকার, বিভিন্ন অংশীজন এবং রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেবেন। তিনি রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করতে পারেন বলে আশা প্রকাশ করেন।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো ‘জিরো-সাম গেম’ নয়। একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অর্থ অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। একইভাবে ভারত সফর হলেও ইতিবাচক ফল পাওয়ার প্রত্যাশা রয়েছে।

এদিকে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ, জনগণের যোগাযোগ, সংস্কৃতি, সংগীত ও ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!